ভোলায় নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নেমেছেন জেলেরা
দীর্ঘ দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে আবারও মাছ শিকারে নেমেছেন জেলেরা। এসময় নদীতে কাঙ্ক্ষিত ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ পেয়ে আনন্দে ঘাটে ফিরছেন তারা।
শুক্রবার (১ মে) সকালে ভোলার তুলাতুলি মৎস্য ঘাটে গিয়ে দেখা গেছে, জেলেরা নদীতে যাচ্ছেন। আবার নদী থেকে ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ নিয়ে ফিরে আসছেন হাসি মুখে। অন্যদিকে জেলেরা নদীকে মাছ পাওয়ায় জমজমাট মৎস্য ঘাটে বেচা-বিক্রিও।
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার মেঘনা নদীর জেলে মো. জয়নাল মাঝি ও জামাল মাঝি জানান, নিষেধাজ্ঞার শেষে তারা বৃহস্পতিবার রাত ১২টায় নদীতে নেমে ভোর পর্যন্ত মাছ ধরেন। সারারাত জালে ভালো মাছ ধরা পড়ায় খুশি তারা।
খোকন মাঝি ও মনোয়ার মাঝি জানান, শুক্রবার ভোরের দিকে তারা তিন মাঝি মিলে ৮টি ইলিশ পেয়েছেন। পরে ঘাটে বিক্রি করে প্রায় সাড়ে ৪ হাজার টাকা পেয়েছেন।
ফয়েজ মাঝি ও বিপ্লব মাঝি জানান, তারা রাত ৩টা থেকে সকাল ৮াটা পর্যন্ত ৫ জেলে একটি ট্রলার নিয়ে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলেছেন। ভালো মাছ পেয়েছেন। সেগুলো ঘাটে বিক্রি করে প্রায় ১০ হাজার টাকা পেয়েছেন।
তারা আরও জানান, এমনভােব মাছ আরও ১০-১৫ দিন মাছ পাওয়া যায় তাহলে সব ধার-দেনা পরিশোধ করে ঘুরে দাঁড়াতে পারবেন।
তুলাতুলি মৎস্য ঘাটের আড়তদার মো. কামাল ব্যাপারী জানান, জেলেরা নদীতে মাছ ভালো পাওয়ায় তারাও খুশি। র্দীঘদিন পর তারা আড়ত খুলেছেন।
তিনি বলেন, এখন নিষেধাজ্ঞা শেষ তাই আড়তে চাপ আছে। আর জেলেরাও নদীতে মাছ পাচ্ছেন। আমরাও টার্গেট পরিমাণ মাছ আড়তে পাঠাতে পারবো।
ভোলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে নামার আগেই বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে নদীতে জেলেরা বিভিন্ন ধরনের মাছ পাচ্ছেন। আশাকরি জেলেদের কষ্ট দূর হবে।
জুয়েল সাহা বিকাশ/এনএইচআর/জেআইএম