শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়েন
মে দিবস উপলক্ষে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশকে ঘিরে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।
সমাবেশে অংশ নিতে ঢাকার আশপাশের বিভিন্ন জেলার কল-কারখানা থেকেও রাজধানীতে আসছেন শ্রমিকরা। সকাল থেকেই লাল টুপি ও টি-শার্ট পরে, হাতে ব্যানার নিয়ে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়া পল্টনে সমবেত হতে শুরু করেন। তাদের স্লোগান ও করতালিতে পুরো সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, ফকিরাপুল, পল্টন, কাকরাইলসহ আশপাশের এলাকায় দেড় শতাধিক মাইক স্থাপন করা হয়েছে।
টিটি/এমএএইচ/