চট্টগ্রামে আরও চারদিন বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২৯ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে আরও চারদিন বৃষ্টি হতে পারে/ছবি সংগৃহীত

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হওয়া বৃষ্টিতে একদিকে যেমন জনজীবনে ভোগান্তি বেড়েছে, অন্যদিকে কয়েক দিনের ভ্যাপসা গরমের পর কিছুটা স্বস্তি ফিরেছে নগরজীবনে। টানা দুদিনের বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হলেও তাপমাত্রা কমে আসায় স্বস্তি অনুভব করছেন নগরবাসী।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দফায় দফায় বৃষ্টিতে নগরের আগ্রাবাদ, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়া ও হালিশহরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। কোথাও কোথাও সড়কের ওপর পানি উঠে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির এই প্রবণতা আরও চারদিন অব্যাহত থাকতে পারে। শনিবার পর্যন্ত বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

আরও পড়ুন
চট্টগ্রামে জলাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
মেয়রের পদক্ষেপে সকালে নামলো পানি, দুপুরের বৃষ্টিতে ফের জলাবদ্ধতা
চট্টগ্রামে নিচু এলাকায় এখনো পানি পুরোপুরি নামেনি, ভোগান্তিতে নগরবাসী

আবহাওয়াবিদরা বলছেন, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে আপাতত দিনের তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নগরবাসীর অনেকে বলছেন, গত কয়েক দিনের অসহনীয় গরমের পর বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিলেও জলাবদ্ধতার কারণে দুর্ভোগও কম নয়। বিশেষ করে নিচু এলাকায় বসবাসকারীরা এখনো পানি জমে থাকার কারণে ভোগান্তিতে রয়েছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবারের পর বৃষ্টির প্রবণতা কমতে পারে। তখন আবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এমআরএএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।