সংসদ ভবন ভিজিট করলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ১৪ শিক্ষার্থী
চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা জাতীয় সংসদে এক শিক্ষামূলক একাডেমিক ভিজিট করেছেন। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ ভিজিটে বিভাগের চেয়ারম্যান ইয়াসীর সিলমী এবং প্রভাষক সরওয়ার কামালের তত্ত্বাবধানে ১৪ জন শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষার্থীদের ডেপথ রিপোর্টিং ও কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল কোর্সের অংশ হিসেবে এ ভিজিট করেন। তারা জাতীয় সংসদ ভবনে পৌঁছে প্রথমেই ভবনের নান্দনিক স্থাপত্যশৈলী ও নিরাপত্তা ব্যবস্থাপনা ঘুরে দেখেন। বিশ্বের অন্যতম স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত এ ভবনের নকশা, উন্মুক্ত জলাধার, আলো-বাতাসের ব্যবহার এবং প্রতিটি কাঠামোগত উপাদানের পেছনের ভাবনা শিক্ষার্থীদের মুগ্ধ করে।
পরবর্তী সময়ে তারা সংসদের অধিবেশন কার্যক্রম পরিচালনার বিভিন্ন ধাপ, আইন প্রণয়নের প্রক্রিয়া, অধিবেশন পরিচালনা পদ্ধতি এবং সংসদ সদস্যদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
আরও পড়ুন
সংসদে নিজের কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
ডিসি সম্মেলনে থাকছে ৩৪ অধিবেশন, কোন দিন কী নিয়ে আলোচনা
সংশ্লিষ্ট কর্মকর্তারা শিক্ষার্থীদের সামনে সংসদের ইতিহাস, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে এর ভূমিকা এবং গণতান্ত্রিক চর্চায় এর গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান, যা তাদের একাডেমিক শিক্ষাকে আরও বাস্তবমুখী করে তোলে। বিকেলে অধিবেশনের ফাঁকে শিক্ষার্থীরা জাতীয় সংসদের বিভিন্ন অঞ্চলের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাংবাদিক ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান ইয়াসির সিলমী বলেন, শিক্ষার্থীদের জন্য এমন ভিজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে তারা পাঠ্যবইয়ের সীমাবদ্ধতা পেরিয়ে বাস্তব জ্ঞান অর্জন করতে পারেন এবং রাষ্ট্রের কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা পান।
প্রভাষক সরওয়ার কামাল জানান, ভবিষ্যতে আরও নিয়মিত এ ধরনের শিক্ষাসফর আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীরা পেশাগত দক্ষতা অর্জনে এগিয়ে যেতে পারে।
এমডিআইএইচ/কেএসআর