পুলিশ প্রশিক্ষণ ও সংস্কারে সহায়তা দিতে চায় ইউনেসকো

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২৯ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইউনেসকোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজ, ছবি: জাগো নিউজ

পুলিশ বাহিনীর প্রশিক্ষণ ও সংস্কারে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে ইউনেসকো। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগামী জুনের মধ্যেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে পারে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইউনেসকোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদলে আরও ছিলেন ইউনেসকো বাংলাদেশের হেড অব কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ফারহানা শাহনাজ এবং মিডিয়া অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল।

বৈঠকে পুলিশ প্রশিক্ষণ ও সংস্কার, পুলিশ-মিডিয়া সম্পর্ক উন্নয়ন, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী ইউনেসকো প্রতিনিধিদলকে স্বাগত জানান। জবাবে সুসান ভাইজ নতুন দায়িত্ব গ্রহণে মন্ত্রীকে অভিনন্দন জানান এবং বলেন, পুলিশ ও সাংবাদিকদের জন্য ইউনেস্কোর চলমান প্রশিক্ষণ প্রকল্প রয়েছে। ইতোমধ্যে পুলিশের প্রশিক্ষণ বিষয়ে আইজিপির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগামী জুনের মধ্যেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে চায় ইউনেসকো। এ প্রস্তাবে সম্মতি জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

সুসান ভাইজ জানান, জাতীয় নির্বাচনের আগে এসপি ও ওসি পদমর্যাদার প্রায় ৭০০ পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এ সময় মন্ত্রী প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের প্রশিক্ষণের পরামর্শ দেন। পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটের মিডিয়া শাখায় কর্মরত কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রশিক্ষণ কর্মসূচি শনিবার আয়োজন করা হলে অংশগ্রহণকারীদের জন্য সুবিধাজনক হবে বলেও মত দেন মন্ত্রী।

ইউনেসকোর পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের জন্যও অনুরূপ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, তবে এর সঙ্গে জবাবদিহিও নিশ্চিত করতে হবে। তিনি পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান ও উপসচিব মিনারা নাজমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/এমএমএআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।