চট্টগ্রামে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুজন গ্রেফতার
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ (মেথামফেটামিন) দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর বিভাগ।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি (উত্তর) বিভাগের পুলিশ জানায়, পরিদর্শক মো. আফতাব হোসেনের নেতৃত্বে টিম-৩১ মহানগরে বিশেষ অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ার ভবনের একটি কক্ষে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইস উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. সাজ্জাদুল রহমান সাকিব (২৭) ও মো. আবু ফয়সাল (২৬)। তাদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তারা নগরের বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী এলাকায় বসবাস করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, ফটিকছড়ি এলাকার এক প্রবাসী মাদককারবারি চক্রের মাধ্যমে তারা এসব মাদক সংগ্রহ করে নগরে বিক্রির জন্য নিয়ে এসেছিলেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।
এমআরএএইচ/এমআরএম