খুলশীতে বাসায় চুরি, ল্যাপটপ ও গলিত স্বর্ণসহ গ্রেফতার ১
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় একটি বাসায় চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চোরাই একটি ল্যাপটপ এবং জুয়েলারির একটি দোকান থেকে গলিত সোনা উদ্ধার করা হয়েছে।
শনিবার (৯ মে) নগরীর কালামিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম (৩০)। তার বিরুদ্ধে চুরি, মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খুলশী থানার পুলিশ জানায়, পূর্ব নাসিরাবাদ এলাকার একটি বাসায় গত ৫ মে রাত থেকে ৬ মে ভোরের মধ্যে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাসা থেকে স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, নগদ টাকা, প্রাইজ বন্ড ও ধর্মীয় উপাসনালয়ের সামগ্রী নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বাসার মালিক বিষ্ণুপদ ধর খুলশী থানায় মামলা করেন। মামলার পর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান শুরু করে। বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার মিয়াখান নগর থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাই একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার হাজারী লেইনের একটি জুয়েলারি দোকানে অভিযান চালিয়ে ১৪ দশমিক ৪৬ গ্রাম গলিত সোনা উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
পুলিশ জানায়, চুরির ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
এমআরএএইচ/এমএমকে