ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের পাশে পড়েছিল নারীর মরদেহ

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ০৮ মে ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ/ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই নারীকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী বিষয়টি জানালে আমরা গিয়ে ওই নারীকে জরুরি বিভাগের পেছনে ওয়েটিং রুমের পাশে পড়ে থাকতে দেখি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। তারপরও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

তিনি জানান, এ বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জানানো হয়েছে। প্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কেএজেডআইএ/একিউএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।