বিজিবি সতর্ক আছে, যাতে কোনো পুশইন না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ভারত থেকে যাতে কোনো পুশইন না হয় সেজন্য বিজিবি সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর বিজিবিকে আমরা সতর্ক থাকার নির্দেশনা দিয়েছি। বিজিবি সতর্ক আছে, যাতে কোনো রকম পুশইন না হয়।’
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কোরবানির পশুরহাটের নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি বিষয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সেখানে মুসলমানদের নির্যাতন এবং এর জেরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের শঙ্কার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমে ওইভাবে আসে নাই, কিছু সোশ্যাল মিডিয়ায় পুরোনো চিত্র আসছে। ওখানে নির্যাতনের সেরকম কোনো ঘটনা আমাদের নজরে আসেনি। পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আপনারা (সাংবাদিক) তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন, সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না।’
সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন শুরু হতে পারে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘ভারতীয় সীমানার মধ্যে নো ম্যানস ল্যান্ড বজায় রেখে যদি দিতে চায় সেটা নিয়ে কূটনৈতিকভাবে আমাদের আলাপ-আলোচনা হবে, কিন্তু সেরকম কোনো ইস্যু ভারত সরকারের পক্ষ থেকে দেখিনি।’
কোনো দেশের অঙ্গরাজ্যের স্থানীয় নির্বাচনের ফলাফল কী হলো এবং এর প্রভাব কী হবে তা তাদের সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।
তিনি আরও বলেন, ‘অঙ্গরাজ্যের নির্বাচনের পর বিজয়ী দল কোনো বক্তব্য দিয়ে থাকলে আমাদের সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এর জবাব দিতে পারি না। তবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাদের জানালে কূটনীতিক পথে কথা হবে। সেটা পররাষ্ট্রমন্ত্রী কথা বলবেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব সীমান্তে নিরাপত্তা নিশ্চিত রাখা। যাতে কোনো পুশইন না হয় সেটার ব্যবস্থা করা। বিজিবিকে আমরা সতর্ক থাকার নির্দেশনা দিয়েছি অনেক আগেই।’
টিটি/একিউএফ