এবার বাড়লো স্পিডবোটের ভাড়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১২ মে ২০২৬
স্পিডবোটে যাত্রী পরিবহন/ফাইল ছবি

লঞ্চের পর এবার স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটারপ্রতি এবং নৌরুটভিত্তিক জনপ্রতি ভাড়া বাড়ানো হয়েছে। সোমবার (১১ মে) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্পিডবোটের কিলোমিটারপ্রতি ভাড়া ৬ থেকে ৮ শতাংশ বেড়েছে। অন্যদিকে নৌরুটভিত্তিক যাত্রীপ্রতি ভাড়া বেড়েছে সর্বনিম্ন ৫ টাকা, সর্বোচ্চ ৬০ টাকা।

‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’ এর বিধি ২৭ মোতাবেক স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি এবং নৌরুটভিত্তিক জনপ্রতি যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

শান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারের প্রতি কিলোমিটারে ৯৯ পয়সা বাড়িয়ে ১৫ টাকা, পরের ১০ কিলোমিটারে ৮০ পয়সা বাড়িয়ে প্রতি কিলোমিটার ১০ টাকা ৮০ পয়সা এবং অবশিষ্ট দূরত্বের ক্ষেত্রে ৬৪ পয়সা বাড়িয়ে প্রতি কিলোমিটার ৮ টাকা ৬৪ পয়সা করা হয়েছে।

আগে এ ভাড়া ছিল প্রথম ১০ কিলোমিটার ১৪ টাকা ১ পয়সা, পরবর্তী ১০ কিলোমিটার ১০ টাকা এবং অবশিষ্ট দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ৮ টাকা।

এছাড়া অশান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারে ৯৯ পয়সা বাড়িয়ে প্রতি কিলোমিটার ১৭ টাকা করে এবং অবশিষ্ট দূরত্বের ক্ষেত্রে ৯৯ পয়সা বাড়িয়ে প্রতি কিলোমিটারে ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই ভাড়া ছিল প্রথম ১০ কিলোমিটারে ১৬ টাকা ১ পয়সা এবং অবশিষ্ট দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ১৪ টাকা ১ পয়সা। 

এছাড়া আরিচা, নাজিরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, আশুগঞ্জ-ভৈরব, বাঘাবাড়ী, চট্টগ্রাম ও চাঁদপুর নৌবন্দরের ৪৪টি রুটের ভাড়া বাড়ানো হয়েছে। এক্ষেত্রে ভাড়া সর্বনিম্ন ৫ টাকা এবং সর্বোচ্চ ৬০ টাকা বেড়েছে।

গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে। জ্বালানি তেলের নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়। 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ৫ মে লঞ্চের ভাড়া বাড়ায় সরকার। একজন যাত্রীর লঞ্চভাড়া কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা ও বেশি দূরত্বে ১৪ পয়সা বেড়েছে। কম দূরত্বে লঞ্চের ভাড়া ৬ দশমিক ৪৯ ও বেশি দূরত্বের ক্ষেত্রে ৫ দশমিক ৮৮ শতাংশ বাড়ানো হয়।

আরএমএম/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।