বাংলাদেশকে জাতিসংঘে সমর্থন দেবে ব্রাজিল, ব্রিকস নিয়েও ইতিবাচক বার্তা

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২ এএম, ১৬ মে ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতিত্ব নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতাকে আনুষ্ঠানিক সমর্থনের ঘোষণা দিয়েছে ব্রাজিল। একইসঙ্গে ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও ইতিবাচক আশ্বাস এসেছে দেশটির পক্ষ থেকে।

শুক্রবার (১৫ মে) ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় প্রেসিডেন্ট ভবন পালাসিও দো প্লানালতোতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের বৈঠকে এ অগ্রগতি হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে সেলসো আমোরিম জানান, আগামী ২ জুন নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ইউএনজিএ’র ৮১তম অধিবেশনের সভাপতিত্ব নির্বাচনে ব্রাজিল বাংলাদেশের পক্ষে ভোট দেবে। এ নির্বাচনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী সাইপ্রাস।

একই বৈঠকে বাংলাদেশ ব্রিকসের সদস্যপদ পাওয়ার আগ্রহ প্রকাশ করলে আমোরিম বলেন, বিষয়টি প্রেসিডেন্ট লুলার সঙ্গে আলোচনা করে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ চালু করতে ‘টেট-আ-টেট স্ট্র্যাটেজিক ফোরাম’ গঠনের প্রস্তাবও দেন ব্রাজিলের এই জ্যেষ্ঠ কূটনীতিক। বাংলাদেশ এ প্রস্তাবকে ইতিবাচকভাবে স্বাগত জানায়।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, কৃষি, প্রযুক্তি, জ্বালানি, শিক্ষা, প্রতিরক্ষা গবেষণা ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বর্তমানে বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানানো হয়।

হুমায়ুন কবির বলেন, বর্তমান সরকার ‘নতজানু পররাষ্ট্রনীতি’ নয়, বরং সমতা, মর্যাদা ও জাতীয় স্বার্থভিত্তিক কূটনীতিতে বিশ্বাস করে। তিনি সার্ককে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উভয়পক্ষ বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা, গ্লোবাল সাউথের ঐক্য এবং আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক জাতিসংঘ গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।

জেপিআই/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।