আন্তর্জাতিক জাদুঘর দিবস আজ
আন্তর্জাতিক জাদুঘর দিবস আজ। জাদুঘর বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর ১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে।
দিবসটি ঘিরে ‘ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়াম’ প্রতি বছরই একটি নির্দিষ্ট প্রতিপাদ্য নির্ধারণ করে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর’। সারাবিশ্ব যে সামাজিক, পরিবেশগত ও প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কীভাবে জাদুঘরগুলো পরস্পর সেতুবন্ধনে ভূমিকা রাখতে পারে- এ প্রতিপাদ্যে এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাপিডিয়ার তথ্যমতে, বাংলা তথা উপমহাদেশে জাদুঘরের ধারণাটি এসেছে ব্রিটিশদের মাধ্যমে, ১৭৯৬ সালে। বর্তমানে বাংলাদেশে শতাধিক জাদুঘর আছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরই দেশের প্রধান জাদুঘর হিসেবে বিবেচিত।
এদিকে, আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে আজ সোমবার (১৮ মে) দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। দিবসটি ঘিরে শোভাযাত্রা, বিশেষ প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে একটি র্যালি বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় জাদুঘরে এসে শেষ হবে। বেলা ১১টায় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়া দিবসটি উপলক্ষে সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (আইকম) বা আন্তর্জাতিক জাদুঘর পরিষদের আহ্বানে বিশ্বের সব জাদুঘরের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি এবং জাদুঘরের গুরুত্ব ও অবদান তুলে ধরতে ১৯৭৭ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে।
মানুষের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সংরক্ষণ, ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রদর্শন এবং ছাত্র, শিক্ষক ও গবেষকদের জ্ঞানের পরিধি সম্প্রসারণ দিবসটি উদযাপনের প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, বাংলাদেশে ছোট ও বড় মিলিয়ে প্রায় ১০৩টি জাদুঘর রয়েছে। এর মধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং সরকারি ও বেসরকারি সংস্থার অধীনে এসব জাদুঘরের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
জানতে চাইলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কিপার আসমা ফেরদৌসি জাগো নিউজকে বলেন, সংস্কৃতি এবং ইতিহাসের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর জন্যই প্রতি বছর এই দিনটি উদযাপন করা হয়। বর্তমানে জাদুঘরের পরিধি শুধু প্রদর্শন ও সংরক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়। জাদুঘরগুলোর কর্মপরিধি দিন দিন আরও প্রসারিত হচ্ছে।
এমএমএআর