ভ্যাপসা গরমের কারণ জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১০ পিএম, ২০ মে ২০২৬
ঢাকায় বৃষ্টিপাত কমে যাওয়ায় তীব্র তাপপ্রবাহ না থাকলেও ভ্যাপসা গরমে জনজীবনে দেখা দিয়েছে চরম অস্বস্তি, ফাইল ছবি

বিগত কয়েকদিন ধরে ঢাকায় বৃষ্টিপাত অনেকটা কমে গেছে। দেশের বিভিন্ন স্থানে অব্যাহত থাকলেও ঢাকায় নেই তাপপ্রবাহ। মঙ্গলবার (১৯ মে) দেশের চার জেলায় তাপপ্রবাহ বয়ে গেলেও ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপপ্রবাহ না থাকলেও ভ্যাপসা গরমে রাজধানীতে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুধু ঢাকাই নয়, যেসব এলাকায় বৃষ্টিপাত কম হচ্ছে সেখানে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। টানা বৃষ্টি না হলে এ ধরনের গরম অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে বাংলা জ্যৈষ্ঠ মাস চলছে, যা গ্রীষ্মকালের অন্যতম উষ্ণ সময়। এ সময়ে গরম বেশি থাকা স্বাভাবিক। তবে সাম্প্রতিক বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। ফলে তাপমাত্রা খুব বেশি না বাড়লেও ভ্যাপসা গরম বেশি অনুভূত হচ্ছে এবং ঘাম শুকাতে সময় লাগছে।

বুধবার (২০ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জাগো নিউজকে বলেন, বর্তমানে ঢাকায় তাপপ্রবাহ না থাকলেও গরমের অনুভূতির তীব্রতা বেশ বেশি। বিশেষ করে বৃষ্টিপাতের পর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বাড়ছে।

তিনি বলেন, এপ্রিল ও মে মাসে এমন আবহাওয়া বাংলাদেশের জন্য স্বাভাবিক বৈশিষ্ট্য। এ সময়ে বৃষ্টি হলে কিছুটা গরম কমে যায়। তবে বৃষ্টিপাত শেষ হওয়ার পর আবারও ভ্যাপসা গরম শুরু হয়। আগামী কয়েকদিনও এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, বর্তমানে ঢাকায় বৃষ্টিপাত তুলনামূলক কম থাকায় ভ্যাপসা গরম বেশি অনুভূত হচ্ছে। আগামীকাল ও পরশু ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া আজ বিকেল বা রাতের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, তবে তা খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই।

এদিকে আজ দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরএএস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।