রাজনৈতিক কর্মসূচি শিক্ষা কার্যক্রমের আওতামুক্ত রাখার আহবান


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১১ জানুয়ারি ২০১৫

অবরোধসহ সকল রাজনৈতিক কর্মসূচিকে শিশুদের শিক্ষা কার্যক্রমের আওতামুক্ত করার জন্য আবারও সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার ময়মনসিংহ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ৫ দিনব্যাপী ৪৪তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যেসব রাজনৈতিক দল অবরোধের মত অরাজনৈতিক কর্মসূচি দিয়ে শিক্ষার্থীদের নতুন বই নেয়া, পরীক্ষা ও সার্বিক লেখাপড়া এবং খেলাধুলায় বাধার সৃষ্টি করে তারা কখনও দেশের কোন কল্যাণে আসে না। এসব গণবিধ্বংসী কর্মসূচি বাদ না দিলে দেশের জনগণ অচিরেই তাদের সন্তানদের শিক্ষাজীবন রক্ষার্থে রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাসের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধূলা ও শরীর চর্চার বিশেষ প্রয়োজন রয়েছে। একজন সুস্থ শিক্ষার্থীই কেবল নিজেকে জাতিরজনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দক্ষ কারিগর হিসেবে উপস্থাপন করতে পারে।

তিনি বলেন, দেশের সকল শিশুকে স্কুলের শিক্ষার আওতায় আনা হচ্ছে, শিক্ষায় সমতা আসছে। যা উন্নয়নশীল দেশগুলোর বিবেচনায় সমগ্র বিশ্বে আজ একটি মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিগত ৬ বছর ধরে বর্তমান সরকার শিক্ষা, কৃষি, বিদ্যুত, স্বাস্থ্য ও অবকাঠামোসহ সকল ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানে প্রভূত উন্নতি সাধন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিনত হবার পথে অনেকদূর অগ্রসর হয়েছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন- ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে ৮টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, পরিচালক ও সরকারী-বেসরকারী উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।