জুলাইয়ে হত্যায় অর্থ জোগান
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল ফের রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে অর্থ জোগানের অভিযোগে গ্রেফতার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও ইউনাইটেড গ্রুপের নির্বাহী পরিচালক (অ্যাডমিন) অবসরপ্রাপ্ত কর্নেল আফজাল নাছের ভূঁইয়ার আবারও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৯ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল আলম তালুকদার আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন পুলিশ।
শুনানি শেষে আদালত আংশিকভাবে আবেদন মঞ্জুর করে তিনদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
মামলা সূত্রে জানা যায়, এর আগে দুই দফায় ৪ দিন ও ২ দিনের রিমান্ডে নিয়ে আফজাল নাছের ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এবং চলমান তদন্তে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখনো উদ্ঘাটন বাকি থাকায় নতুন করে তার রিমান্ড আবেদন করা হয়।
তদন্ত সংস্থার আবেদনে বলা হয়, আফজাল নাছের ভূঁইয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা ও হত্যাকাণ্ডে অর্থ জোগানদাতা হিসেবে জড়িত ছিলেন— প্রাথমিকভাবে এমন তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
এছাড়া তার নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয় বলেও অভিযোগ করা হয়েছে। তদন্তে ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের শনাক্ত, অর্থের উৎস ও লেনদেনের পথ অনুসন্ধান এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করার জন্য তাকে পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় একটি মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাহমুদুল হাসান (২৬) গুলিবিদ্ধ হন। পরে তাকে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আফজাল নাছের ভূঁইয়াকে গ্রেপ্তার করে। এরপর থেকে মামলার তদন্তের স্বার্থে তাকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এমডিএএ/এমএএইচ/