৩০ মিনিটেই সব স্বাভাবিক!
জাতীয় মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজায় লাখো মুসল্লির অংশ গ্রহণের কারনে নয়াপল্টন এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। তবে মঙ্গলবার বিকাল ৫টা ১৫ মিনিটে জানাজা শেষে মাত্র ৩০ মিনিটেই সব নয়াপল্টন এলাকার সব পথে যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, কোকাের জানাজায় অংশগ্রহণ করতে আসরের নামাজের আগ থেকেই পল্টন মোড় থেকে ফকিরাপুল এলাকায় লোকে লোকারণ্য হয়ে যায়। পরে লাখো মুসল্লির অংশগ্রহণে বাদ আসর তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিন আহমেদ।
এদিকে, রাজধানী ও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দলীয় নেতাকর্মীরা জানাজা শেষে ফিরে যান। বিকাল ৫ টা ২০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিটের মধ্যেই সব রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে যান চলাচল করতে দেখা গেছে। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফকিরাপুল মোড় ও পল্টন এলাকার ব্যারিকেড তুলে যান চলাচলের অনুমতি দেয় পুলিশ।
তবে কোকোর জানাজাকে কেন্দ্র করে এই এলাকায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুপুরের পর থেকেই বাইতুল মোকাররমের আশে পাশের এলাকায় শক্ত অবস্থান নেয় পুলিশ। সন্ধ্যা ৬ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নয়াপল্টন, পল্টন, ফকিরাপুল, জিরো পয়েন্টসহ জাতীয় মসজিদের আশে পাশে আইন শৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখা গেছে।
এমএম/এএইচ