`অগ্নিদগ্ধদের পুনর্বাসনে বিত্তশালীদের এগিয়ে আসার আহবান`


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২৭ জানুয়ারি ২০১৫

অগ্নিদগ্ধদের পুনর্বাসনে বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে দেশে বার্ন ইউনিট-এর উন্নয়ন ও সম্প্রসারণ সংক্রান্ত এক সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগুনে পোড়া রোগীদের প্রাথমিক চিকিৎসাসহ সুস্থ করে তোলার জন্য সরকার সব ধরনের উদ্যোগ নিচ্ছে। এ ধরণের আক্রান্ত ব্যক্তিদের স্বাভাবিক অবস্থায় ফিরে পাওয়ার জন্য দরকার উন্নতমানের প্লাস্টিক সার্জারি। তাঁদের কর্মসংস্থানসহ পুনর্বাসনের জন্য দরকার মানবিক সহায়তা। এক্ষেত্রে দেশের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এসে সরকারকে সহায়তা করলে ভুক্তভোগীরা উপকৃত হতেন।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম জানান, বার্ন ইউনিট যেন সুষ্ঠুভাবে সেবা দিতে পারে সে বিষয়টি সরকার গুরুত্বের সাথে নিয়েছে। এছাড়া উপজেলা পর্যায় পর্যন্ত সব চিকিৎসক যেন পোড়া রোগীদের প্রাথমিক চিকিৎসা দিতে পারেন সেজন্য একটি নির্দেশনা তৈরি করা হচ্ছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অবৈতনিক উপদেষ্টা সামন্ত লাল সেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান এবং মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।