প্রবীণ সাংবাদিক আলী আশরাফ আর নেই
বরেণ্য সাংবাদিক খোন্দকার আলী আশরাফ আর নেই। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
খোন্দকার আলী আশরাফের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
জাতীয় প্রেসক্লাবের সদস্য খোন্দকার আলী আশরাফের মরদেহ বুধবার (২৮ জানুয়ারি) প্রেসক্লাব চত্ত্বরে আনা হবে। এখানে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। বাদ এশা উত্তরার ৫ নম্বর সেক্টর মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মরহুমকে উত্তরার ১৪ নম্বর সেক্টরের গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
খোন্দকার আলী আশরাফ ১৯৩৬ সালের ২৭ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৭ সালে দৈনিক মিল্লাত পত্রিকায় যোগদানের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা, দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেন তিনি। দৈনিক বাংলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি এ পত্রিকার চিফ সাব এডিটর, ফিচার এডিটর ও সিনিয়র সহকারী সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন খোন্দকার আলী আশরাফ। তিনি একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খ-কালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি স্বনামধন্য কলামিস্ট ছিলেন। বিশেষ করে তার ব্যাঙ্গাত্মক রসপূর্ণ লেখা পাঠকদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল। ‘দুর্জন উবাচ’ নামে তিনি কলাম লিখতেন। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে দুর্জন উবাচ (পাঁচ খণ্ড), পত্র মিদং, থ্যাংক ইউ জীভস।