হরতালের নামে সহিংসতা বন্ধের দাবি চিকিৎসক-নার্সদের


প্রকাশিত: ০৭:৩০ পিএম, ২৭ জানুয়ারি ২০১৫

রাজনৈতিক কর্মসূচির নামে দেশজুড়ে চলমান নাশকতা ও সহিংসতা বন্ধের দাবি জানিয়েছেন চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন পরবর্তী এক সমাবেশে তারা এ আহ্বান জানান।

সমাবেশে বক্তারা অবিলম্বে হরতাল ও অবরোধে প্রত্যাহারের দাবি জানান। বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতায় পেট্রোল বোমার পুড়ে যাওয়া রোগীরা বার্ন ইউনিটে আসুক তা আমরা চাই না। মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।

এসময় বক্তৃতা দেন সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাহ এমপি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান ও মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ইসমাইল হোসেন ও হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান প্রমুখ।

একই দাবিতে পুরান ঢাকার সিএমএম আদালত ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে মানবন্ধন ও সমাবেশ হয়েছে। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আরেফ রহমানের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ওই কর্মসূচিতে অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।