মাতৃভাষা দিবসে ঢাবিতে নানা কর্মসূচি
আগামীকাল শুক্রবার রাত ১২টা একুশের প্রথম প্রহর। আর এ দিনটিকে সামনে রেখে নানান কর্মসূচি গ্রহণ করেছে দেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
বিশ্ববিদ্যালয়ের নেয়া কর্মসূচির মধ্যে রয়েছে, ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল ৬টা ৩০মিনিটে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে প্রভাতফেরী আজিমপুর কবরস্থান হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ। বাদ জোহর অমর একুশে হলে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, বিশ্ববিদ্যালয় মসজিদুল জামিয়া, সকল হলের মসজিদ এবং বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে পরিবেশিত হবে ভাষা ও দেশের গান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জমান।
এদিকে, জাতীয় পরিপ্রেক্ষিত বিবেচনায় রেখে এবারের মহান একুশে ফেব্রুয়ারি নিরাপত্তা ও সতর্কতার সাথে ভাবগাম্ভীর্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার স্বার্থে একুশে সমন্বয় কমিটি কর্তৃক গৃহীত সকল কর্মসূচির সফল বাস্তবায়নে উপাচার্য সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
এমএএস/আরএস/আরআই