সাত দিন পর কামারুজ্জামানের রায় কার্যকরে বাধা থাকছে না


প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

আগামী ৭ দিনের মধ্যে রিভিউ না করলে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের আপিল মামলার রায় কার্যকরে আর কোনো বাধা থাকবে না। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বৃহস্পতিবার জাগো নিউজকে এ কথা জানিয়েছেন ।

বৃহস্পতিবার পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার পর থেকে রিভিউ করতে ১৫ দিন সময় পাবেন- আসামিপক্ষের আইনজীবীদের এমন দাবির প্রত্যুত্তরে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

গত ১৯ ফেব্রুয়ারি আসামিকে পূর্ণাঙ্গ রায় ও মৃত্যু পরোয়ানা পড়ে শোনানোর পর থেকে গণনা করা হলে আগামী ৫ মার্চ বৃহস্পতিবার ১৫ দিন পূর্ণ হবে।

এদিকে সত্যায়িত অনুলিপি পাওয়ার পর্ থেকে ১৫ দিন গণনা শুরু হবে দাবি করে কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, কাদের মোল্লার রিভিউ মামলার রায়ে রিভিউয়ের ক্ষেত্রে দু’টি সুযোগ রয়েছে। আসামি পূর্ণাঙ্গ রায় জানার পর অথবা আইনজীবীরা পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার পর ১৫ দিনের মধ্যে রিভিউ করা যাবে বলে সেখানে বলা হয়েছে।

তিনি বলেন, এখন আমরা সিনিয়র আইনজীবীদের সঙ্গে আলাপ করে নির্ধারিত সময়ের আগেই আইন অনুযায়ী রিভিউ আবেদন করবো।

এদিকে, বৃহস্পতিবারই কামারুজ্জামানের আপিল মামলার পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপি পেয়েছেন বলে সাংবাদিকদের জানান তার আরেক আইনজীবী শিশির মো. মুনির।

গত ১৯ ফেব্রুয়ারি দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষ কামারুজ্জামানকে তার মৃত্যু পরোয়ানা পড়ে শোনান। এর দু’ঘণ্টা আগে লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানাটির সঙ্গে আপিল মামলার পূর্ণাঙ্গ রায়ের অনুলিপিও পৌঁছে কারাগারে। সে সময় কামারুজ্জামান জানান, তিনি আইনজীবীর সঙ্গে আলাপ করে রিভিউ আবেদনের বিষয়ে জানাবেন।

কামারুজ্জামানের ইচ্ছা অনুসারে ২১ ফেব্রুয়ারি তার ৫ জন আইনজীবী কারাগারে তার সঙ্গে দেখা করতে গেলে তিনি আইনজীবীদের রিভিউ করতে বলেন।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি (বর্তমান প্রধান বিচারপতি) এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ গত ১৮ ফেব্রুয়ারি কামারুজ্জামানের আপিল মামলার পূর্ণাঙ্গ এ রায় দেন। 

কামারুজ্জামান মৃত্যু পরোয়ানা জানার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত ১৯ ফেব্রুয়ারি জানিয়েছিলেন, রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়া বা আসামিকে জ্ঞাত করানোর মধ্যে যেটি আগে হয়, সেদিন থেকে ১৫ দিনের মধ্যে রিভিউ দায়ের করতে হবে। তবে এর মধ্যে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়ার বিষয়ে কোনো বাধা রিভিউয়ের রায়ে নেই।

তিনি জানান, আসামিপক্ষ যদি এ সময়ের মধ্যে রিভিউ করেন তাহলে ফাঁসি কার্যকর প্রক্রিয়া স্থগিত থাকবে। রিভিউ নিষ্পত্তির পর বা রিভিউ খারিজ হলে এ প্রক্রিয়া ফের শুরু হবে।

তিনি বলেন, আসামিপক্ষ পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর থেকে ১৫ দিনের মধ্যে রিভিউ করতে পারবেন। রিভিউ নিষ্পত্তির পর যদি মৃত্যুদণ্ড বহাল থাকে, তাহলে আসামির রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ থাকবে।

গত বছরের ৩ নভেম্বর কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে চূড়ান্ত রায় সংক্ষিপ্ত আকারে দিয়েছিলেন আপিল বিভাগ।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।