অস্ট্রেলিয়া-মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ


প্রকাশিত: ১২:১২ পিএম, ০২ মার্চ ২০১৫

সরকার যে সব প্রকল্প হাতে নিয়েছে তা বাস্তবায়ন ও উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৫০ সালের মধ্যে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে ডিসিসিআইয়ের সভাপতি হোসেন খালেদ, সহ-সভাপতি সোহেব চৌধুরী, পরিচালক সবুর খান, রিজওয়ান উর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে মুস্তফা কামাল বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের যে কাজ চলছে তা আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে। একই সঙ্গে সরকার বড় যেসব প্রকল্প হাতে নিয়েছে তা বাস্তবায়িত হলে অবকাঠামো সঙ্কট কেটে যাবে। আগামী একনেক সভায় ১২টি জেলায় ১২টি সফটওয়্যার পার্ক তৈরির জন্য প্রকল্প অনুমোদন দেওয়া হবে বলে পরিকল্পনামন্ত্রী জানান।

গত ৫ বছরে ১ কোটি ৪ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছি। ২০২৫ সালে একটি মানুষও কর্মসংস্থানের বাইরে থাকবে না। ২০৩০ সালের মধ্যে আমরা দেশকে দারিদ্র্যমুক্ত করতে চাই।

মুস্তফা কামাল বলেন, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরু হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে ভবিষ্যতে বিদ্যুৎ সঙ্কট থাকবে না। ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে নদী রক্ষা করা হবে।

তিনি বলেন, ঢাকার সীমানা বৃদ্ধি করার প্রয়োজন নেই। এখন ঢাকার বাইরে শহরায়ন করা হবে। সরকার প্রত্যেককে শিক্ষিত করতে জিহাদি ভূমিকা পালন করছে। সকল বয়সের মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা করছে। ২০২১ সালের মধ্যেই সব লক্ষ্যই পূরণ হবে। এমডিজির লক্ষ্যও পূরণ হবে।

এসআই/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।