দেশজুড়ে ধর্ষণ বেড়েছে


প্রকাশিত: ১২:২১ পিএম, ০২ মার্চ ২০১৫

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে মোট ৩৩৮ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ৬৩টি। এরমধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ১২ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৮ জন নারীকে। সোমবার বাংলাদেশ মহিলা পরিষদ এ তথ্য জানিয়েছে।

এছাড়া গত জানুয়ারি মাসে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ২৫৫টি। ধর্ষণের ঘটনা ঘটে ৫৫টি। আর ৯ জন নারী গণধর্ষিত হয়েছেন বলেও জানানো হয়।

নারী অধিকার নিয়ে কাজ করা সংস্থাটি বলছে, গত মাসে ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১১ জনকে, শ্লীলতাহানির শিকার হয়েছে ৮ জন। যৌন নির্যাতনের শিকার হয়েছে ২ জন। এসিডদগ্ধের শিকার হয়েছে ৩ জন। অগ্নিদগ্ধ হয়েছে ৪ জন। অপহরণের ঘটনা ঘটেছে মোট ৭ জন নারীর বিরুদ্ধে।

তারা আরো জানান, নারী ও শিশু পাচার হয়েছে ৫ জন তন্মধ্যে পতিতালয়ে বিক্রি করা হয়েছে ৩ জনকে। ৬৩ জন নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছে ২৫ জন নারী এদের মধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ১৬ জনকে। গৃহপরিচারিকা নির্যাতনের শিকার হয়েছে ৪ জন তন্মধ্যে হত্যা করা হয়েছে ২ জনকে। উত্ত্যক্ত করা হয়েছে ৩২ জনকে তন্মধ্যে উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেছে ১ জন। ফতোয়ার শিকার হয়েছে ১ জন।

বিভিন্ন নির্যাতনের কারনে ২৯ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবং ১৬ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্য বিয়ের শিকার হয়েছে ১০ জন। পুলিশি নির্যাতনের শিকার হয়েছে ২ জন। শারীরিক নির্যাতন করা হয়েছে ১৮ জনকে। এছাড়া অন্যান্যরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে বলেও জানান সংস্থাটি।

এসএ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।