অভিজিতের স্ত্রী রাফিদাকে যুক্তরাষ্ট্রে নেওয়ার উদ্যোগ
সন্ত্রাসী হামলায় নিহত লেখক অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিজিতের বাবা ও বন্যার শ্বশুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. অজয় রায়।
ড. অজয় রায় বলেন, বন্যাকে যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়ার জন্য দূতাবাস সার্বিক আয়োজন সম্পন্ন করছে। খুব শিগগির তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে।
তবে, যুক্তরাষ্ট্রে নেবার সময়ক্ষণ সম্পর্কে নির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন যুক্তিবাদী ও সাম্প্রদায়িকতাবিরোধী লেখক অভিজিৎ রায় (৩৭) ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় অভিজিৎ মারা যান।
পরে বন্যাকে ঢামেক থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন।
জেইউ/এসআরজে