লঞ্চডুবির মামলায় জামিন পেলেন পিনাক-৬ এর মালিক


প্রকাশিত: ০৭:২৭ পিএম, ০২ মার্চ ২০১৫

পিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় দায়ের করা মামলায় লঞ্চটির মালিক আবু বকর সিদ্দিককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ জামিন আদেশ দেন।

আদালতে আবু বকরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরুল্লাহ।

আদেশের পর তিনি সাংবাদিকদের জানান, আবু বকরের জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

গত বছরের ৪ আগস্ট দুপুরে মাওয়া ঘাটের ১০০ গজ দূরে পদ্মা নদীর লৌহজং চ্যানেলে আড়াইশ`র বেশি যাত্রী নিয়ে ডুবে যায় পিনাক-৬ লঞ্চটি।

পরদিন মুন্সীগঞ্জের লৌহজং থানায় আবু বকরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডবি্লউটিএ) মাওয়া ঘাটের পরিবহন পরিদর্শক (টিআই) জাহাঙ্গীর ভূঁইয়া। ওই মামলায় একই বছরের ১৪ আগস্ট আবু বকর গ্রেফতার হন। নিম্ন আদালতে জামিন আবেদন করলে তা নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।