রায় পুনর্বিবেচনার আবেদন কামারুজ্জামানের


প্রকাশিত: ০৭:২০ এএম, ০৫ মার্চ ২০১৫

মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান সুপ্রিম কোর্টে তার রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন ।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় কামারুজ্জামানের আইনজীবীরা রায় পুরর্বিবেচনার আবেদন করেন। আবেদনে ৪৪টি যুক্তি তুলে ধরা হয়েছে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ চার বিচারপতির স্বাক্ষর শেষে সর্বমোট ৫৭৭ পৃষ্ঠার রায়ের কপি প্রকাশ করা হয়। ওইদিন রাতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে রায়ের কপি পাঠানো হয়। ১৯ ফেব্রুয়ারি তার মৃত্যু পরোয়ানা জারি করে তা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধে মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করার সুযোগ রয়েছে। সে অনুযায়ী বেঁধে দেওয়া সময়ের মধ্যে রিভিউ আবেদন করলেন কামারুজ্জামান।

গত বছরের ৩ নভেম্বর বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করেন।

বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।