৭৫ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি নির্ধারণ
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ কমিয়েছে সরকার। নির্ধারিত লক্ষ্য মাত্রা থেকে ৬ দশমিক ৬১ শতাংশ কমিয়ে সংশোধিত এডিপি নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার কোটি টাকা। অর্থবছরের শুরুতে এটি ছিল ৮০ হাজার ৩১৫ কোটি টাকা।
যদিও সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন বাদ দিলে বরাদ্ধ বেড়েছে ৩ হাজার কোটি টাকা। সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন বাদে অর্থবছরের শুরুতে এডিপি নির্ধারণ করা হয়েছিল ৭২ হাজার কোটি টাকা।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে সংশোধিত এই এডিপি অনুমোদন করা হয়। বৈঠক শেষে পরিকল্পমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন,৭৫ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করা হয়েছে। গত ৮ মাসে ৩৮ শতাংশ এডিপি বাস্তবায়ন করতে পেরেছে সরকার। টাকার অংকে ৩২ হাজার কোটি টাকা। যদিও পরিকল্পনা মন্ত্রী এতেই সন্তেুষ্ট। তিনি শতভাগ এডিপি বাস্তবায়নের আশায় আছেন।
সভাশেষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সংশোধিত এডিপির মধ্যে ৪০ হাজার ১০০ কোটি টাকা আসবে স্থানীয় মুদ্রায়। আর বিদেশি সহায়তা হিসেবে পাওয়া যাবে ২৪ হাজার ৯০০ কোটি টাকা।
তিনি ব্যাখ্যা করেন এভাবে, মন্ত্রণালয় ও বিভাগের দাবির প্রেক্ষিতে ৩ হাজার টাকা টাকা বাড়ানো হয়েছে। যেসব মন্ত্রণালয় ভালো করেছে, সংশোধিত এডিপিতে তাদের বরাদ্দ বাড়িয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, এডিপির পুরো বাস্তবায়নের জন্য অর্থবছরের শুরু থেকেই নানা উদ্যোগ নিয়েছিলেন মন্ত্রী। মাঠে কাজের গতি দেখতে বেশ কিছু বড় প্রকল্প পরিদর্শনের পাশাপাশি সব প্রকল্প পরিচালকের সঙ্গে একাধিক সভাও করেছিলেন। সবশেষ রোববারও তিনি বৈঠক করেন।
সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, চলতি অর্থবছরের প্রথম আট মাসে মূল এডিপির ৩৮ শতাংশ বাস্তবায়ন হয়েছে। অর্থবছর শেষে এই হার প্রতিবারের মতোই ৯০ শতাংশ ছাড়িয়ে যাবে।
তিনি জানান, সংশোধিত এডিপিতে পরিবহন, বিদ্যুৎ এবং শিক্ষা খাত, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগেরবার, অর্থাৎ ২০১২-১৩ অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল ৫২ হাজার কোটি টাকা। সেবার ২ হাজার ৬৩৪ কোটি টাকা কমানো হয়েছিল।
এসএ/বিএ/আরআই