জামায়াতকে পুনর্বাসিত করতেই দেশে অরাজক পরিস্থিতি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঠাণ্ডা মাথায় আজ যারা নিরীহ মানুষের উপর হামলা চালাচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করে দিয়ে নৈরাজ্য চালাচ্ছে তা যেন সেই একাত্তরে বুদ্ধিজীবী হত্যার মতো কর্মকাণ্ডই চালিয়ে যাচ্ছেন। দেশের অভ্যন্তরে স্বাধীনতা বিরোধীদের কোনো ধরনের ষড়যন্ত্র সহ্য করা হবে না।
অন্য দিকে একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, জামায়াত-শিবিরকে পুনর্বাসিত করতেই দেশে এমন অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।
তার মতে, জামায়াম-শিবির এতো লোকবল কোথায় পেল? কীভাবে পেল? দেশের একটি গোষ্ঠী তাদের সাহায্য-সহযোগিতা করছে বলেই তারা সাহস পেয়েছে। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এখন সময় এসেছে এই অপশক্তিকে রুখে দাঁড়াবার।
মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
আছাদুজ্জামান আরো বলেন, আমার বক্তব্য রাজনৈতিক বক্তব্য বলে মনে করার কোনো কারণ নেই। কারণ আজ আমাদের সার্বভৌমত্বের বিষয়। স্বাধীনতা রক্ষার বিষয়। আমি মনে করি আমাদের স্বাধীনতার সেই যুদ্ধ এখনো শেষ হয়নি। আজ যারা দেশবিরোধী কর্মকাণ্ড করছে তাদের রুখে দেয়ার সময় এসেছে।
এ কে এম শহীদুল হক বলেন, যারা হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে দেশে তাণ্ডব চালানোর চেষ্টা করছিল তারা ১৯৭১ সালের সেই দোষরদের বংশধর। যে সকল পুলিশ সদস্য মুক্তিযুদ্ধে করেছেন এবং শহীদ হয়েছেন তারাই আমাদের পুলিশের পেশাদারিত্বের চেতনা আমাদের অঙ্গীকার আমরা আপনাদের পাশে আছি থাকবো। আপনারাও আমাদের অনুপ্রাণিত করবেন।
এ কে এম শহীদুল হক আরো বলেন, প্রত্যেকটা দেশের পুর্ব-পুরুষদের ইতিহাস জানা অপরিহার্য। তা নাগরিক হিসেবে গর্বিত করে, অনুপ্রাণিত করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গর্বের। আমরা আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি যদি রক্ষা করতে না পারি তবে তা হবে লজ্জার।
আইজিপি বলেন, ১৯৭৫-এ বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে সেই হত্যাকারীরা আজও সোচ্চার। তারা রাজনীতির মাধ্যমে নিজেদের পুনর্বাসনের চেষ্টা করে আসছে। তারা দলীয় নেতাকর্মীদের সাহায্য সহযোগিতা করে টিকে থাকতে চাইছে।
আর আমরা সেই বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বাধীনতার চেতনাকে ধারণ করে রাজারবাগে জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছি। মুক্তিযুদ্ধকালীন যেসব পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা হিসেবে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
জেইউ/বিএ/পিআর