দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধের শক্তিই সর্বোচ্চ দেশপ্রেম


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১০ মার্চ ২০১৫
ফাইল ছবি

দেশের প্রয়োজনে ব্যক্তি স্বার্থের কথা না ভেবে একত্রিত হওয়ার শক্তিই সর্বোচ্চ দেশপ্রেমের পরিচয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে নির্বাচন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রশিক্ষণ গ্রহণকারী সংবাদ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের স্বাধীনতা অর্জনের মাধ্যমে আমরা যা প্রমান করেছি আপনারাও তা প্রমান করতে পারবেন। ভিন্নমত পোষণ যেমন প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার তেমনি সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব।

তিনি বলেন, যে সাংবাদিক তার এ দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারবেন, তিনি পেশাগতভাবে সফলতার শীর্ষে আরোহণ করবেন।

পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য সচিব মরতুজা আহমেদ ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

মরতুজা আহমেদ বলেন, নির্বাচন রিপোর্টিং বিষয়ক কর্মশালা শুধু রাজধানী কেন্দ্রীক না করে দেশের বিভাগীয় পর্যায়েও এ ধরনের কর্মশালার আয়োজন করা উচিত।

শ্যামল দত্ত বলেন, কালো টাকা এবং ধর্মের ব্যবহার একটি ভালো নির্বাচনের জন্য সবচেয়ে বড় বাধা। এ বাধা দূর করার জন্য এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট(পিআইবি) তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এ কর্মশালায় ৩২ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।