ঠিকাদারদের হাতে রাজউকের প্রধান প্রকৌশলী লাঞ্ছিত
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এর প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) হাফিজুর রহমান মুন্সিকে লাঞ্ছিত করেছে ঠিকাদাররা। এসময় তারা প্রধান প্রকৌশলীর কক্ষে হামলা চালায়। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে হঠাৎ করে ৫/৬ জন তরুণ ঠিকাদার হাফিজুর রহমান মুন্সির কক্ষে প্রবেশ করে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় তারা দরজা বন্ধ করে প্রধান প্রকৌশলী হাফিজুর রহমানকে চর থাপ্পর মারে এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এদের সবাই সরকারি দলের ঠিকাদার বলে জানা গেছে।
এ ব্যাপারে প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) হাফিজুর রহমান মুন্সি বলেন, কে বা কারা এবং কেন হামলা চালিয়েছে ও ভাঙচুর করেছে তা আমি জানি না। দুর্বৃত্তরা হঠাৎ আমার কক্ষে প্রবেশ করে আমাকে গালিগালাজ করে এবং কক্ষের একটি টেবিল ও দুটি ফাইল রাখার টেবিল ভাঙচুর করে চলে যায়।
তবে প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সির বিরুদ্ধে মোটা অংকের কমিশন ছাড়া কাজ না দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি অগ্রিম ঘুষ নেবার পরও কাজ না দেয়ার বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আরএস/আরআই