প্রতিকূলে চলছে দেশ : প্রধানমন্ত্রী
বর্তমানে দেশ প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে চলছে। এ পরিস্থিতির জন্য দায়ী একটি বিশেষ দল বা জোট। মঙ্গলবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে সদ্য প্রয়াত সংসদ সদস্য ডা. সিরাজুল আকবরের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশেষ সেই রাজনৈতিক দল বা জোটটি যখন মানুষকে জ্বালিয়ে - পুড়িয়ে মারছে তখন ডা. সিরাজুল আকবরের মতো একজন রাজনৈতিক নেতা বড়ই প্রয়োজন ছিল।
তিনি আরও বলেন, অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উনাকে (সিরাজুল) যতবার মনোনয়ন দিয়েছি ততবারই তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি মাগুরাবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এই মহৎ চিকিৎসককে হারানোর মধ্য দিয়ে শিশুরা একজন সেবক হারাল।
পরে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় সংসদে চিফ হুইপ আ স ম ফিরোজ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সরকার দলীয় সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি সংসদে গৃহীত হয়। এরপরই রেওয়াজ অনুযায়ী ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন।
প্রসঙ্গত, সোমবার রাত ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সিরাজুল আকবর।
এএইচ/আরআই