বিজি প্রেস কর্মকর্তাদের শিক্ষামন্ত্রীর অভিনন্দন
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস না হওয়ায় বিজি প্রেস কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজি প্রেসে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০১৫ সুষ্ঠু পরিবেশে সম্পাদনের জন্য প্রশ্নপত্র মুদ্রণ, পরিবহণ, বিতরণ, গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়ে গঠিত জাতীয় মনিটরিং কমিটির সভায় তিনি এ অভিনন্দন জানান।
একই বৈঠকে মন্ত্রী পহেলা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধেও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে কঠোরভাবে নির্দেশ দেন। শিক্ষামন্ত্রী জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ইতোমধ্যেই ছাপানোর কাজ শেষের পথে। এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশ্নপত্র ছাপানোর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে কড়া নজরদারিতে রাখা হয়েছে।
সভায় মুদ্রণ ও প্রকাশনা অধিদফতর মহাপরিচালক এ কে এম মানজুরুল হক বলেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আমরা সর্তক রয়েছি। কারণ, প্রশ্নপত্র ফাঁস হলেই সন্দেহের তীর আমাদের বিজি প্রেসের কর্মকর্তা-কর্মচারীদের দিকেই আগে আসে। কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয় পরীক্ষার আগের রাতে। তারপরও আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় প্রশ্নপত্র ফাঁস রোধে সতর্ক থাকব।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, সিআইডির ডিআইজি মোখলেসুর রহমান, পুলিশ হেডকোয়ার্টারের এআইজি আনিসুর রহমান, গোয়েন্দা পুলিশের ডিসি (উত্তর) শেখ নাজমুল আলম, শিক্ষা মন্ত্রণালয়, মুদ্রণ ও প্রকাশনা অধিদফতর, বিভিন্ন শিক্ষাবোর্ড ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এএইচ/পিআর