দিলকুশার ভবনে আগুন ছড়িয়েছে ৩য় তলাতেও
রাজধানীর মতিঝিলে দিলকুশার মিয়া আমান উল্লাহ ভবনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আনতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় তলার আগুন নিয়ন্ত্রণে এলেও এরইমধ্যে ৩য় তলায় আগুন ছড়িয়ে পড়েছে। সেখান থেকে ধোঁয়ার কুন্ডলি বের হতে দেখা যাচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ভেন্টিলেশন পদ্ধতি ব্যবহার শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সাড়ে পাঁচ ঘন্টায়ও আগুন নিয়ন্ত্রণে না আসায় নতুন এই পদ্ধতিতে আগুন নেভানোর কাজ শুরু করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেন্স অ্যান্ড মেনটেন্যান্স) এটিএম শাকিল নেওয়াজ খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রিমেথড পদ্ধতি ব্যর্থ হওয়ায় ভেন্টিলেশন পদ্ধতি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এ পদ্ধতিতে প্রথমে পানি দিয়ে তাপমাত্রা কমানো হচ্ছে। ওই ভবনের যে তলায় আগুন ধরেছে, তার ভেতরের তাপমাত্রা এখন ২০০-৩০০ ডিগ্রি সেলসিয়াস। এ কারণে ফায়ার ফাইটাররা সেখানে ঢুকতে পারছেন না। তাপমাত্রা সহনীয় পর্যায়ে নেমে আসলে তারা কাজ করতে পারবেন।
এদিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে এ পর্যন্ত চার জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করছে মতিঝিল থানা পুলিশ, র্যাব-৩, ও ওয়াসার কর্মীরা। এছাড়া তাদের সঙ্গে যোগ দিয়েছে ইউনূস টাওয়ারের নিজস্ব ফায়ার কর্মীরা।
জেইউ/এসআরজে