ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০৩ মে ২০২৬
জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান/ছবি: পিএমও

নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। রোববার (৩ মে) সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে আনা প্রস্তাব অনুযায়ী ন্যূনতম ১৭ আসনবিশিষ্ট সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস আমদানির ক্ষেত্রে—শিক্ষার্থী পরিবহন ছাড়া অন্যান্য ব্যবহারের জন্য কতিপয় শর্তসাপেক্ষে শুল্ক-কর অব্যাহতি দেওয়া হবে।

এক্ষেত্রে মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৫ শতাংশ বহাল থাকবে। অর্থাৎ মোট কর ভার ১৫ শতাংশই থাকবে। তবে এর বাইরে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক (যদি থাকে), আগাম কর এবং অগ্রিম আয়কর অব্যাহতি দেওয়া হবে।

এ সুবিধা ৩০ জুন ২০২৬ পর্যন্ত অব্যাহত রেখে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে ৫ টন বা তদূর্ধ্ব ধারণক্ষমতার ট্রাক আমদানির ক্ষেত্রেও অনুরূপ সুবিধা দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

কেএইচ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।