সালাহ উদ্দিন `নিখোঁজের` ঘটনায় পুলিশের জিডি


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১৫ মার্চ ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ `নিখোঁজের` ঘটনায় অবশেষে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাদী হয়ে এই জিডি করেন।

সালাহ উদ্দিনের স্ত্রীর হাসিনা আহমেদের সঙ্গে যোগাযোগ করে এই জিডি করা হয়েছে বলে ওসি জানিয়েছেন। সালাহ উদ্দিনের নিরাপত্তার স্বার্থে এই জিডি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এর আগে গত মঙ্গলবার রাত ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে এক দল সাদা পোশাকধারী লোক উত্তরার একটি বাড়ি থেকে সালাহ উদ্দিনকে তুলে নিয়ে যায় বলে তার স্বজনরা অভিযোগ করছে।

তবে গতকাল পর্যন্ত পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশের কেউই তাঁকে আটকের কথা স্বীকার করেনি।

সাম্প্রতিক সময়ে আত্মগোপনে থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অবরোধ ও হরতালের কর্মসূচি ঘোষণা করে আসছিলেন সালাহ উদ্দিন।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।