ইউজিসি পুরস্কার পাচ্ছেন ডা. আবদুল্লাহ


প্রকাশিত: ০৫:০৮ এএম, ১৫ মার্চ ২০১৫

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রবর্তিত `ইউজিসি অ্যাওয়ার্ড ২০১৩` পাচ্ছেন দেশের বিশিষ্ট চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ।

আগামী ২৯ মার্চ বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পুরস্কারপ্রাপ্তদের হাতে অর্থ, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেবেন।

মৌলিক ও উদ্ভাবনীমূলক গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে ইউজিসি মনোনীতদের মধ্য থেকে তিনি এই সম্মাননা পাচ্ছেন। এবার ২০১২ সালের জন্য ছয়জন এবং ২০১৩ সালের জন্য ১০ জন শিক্ষককে এই পুরস্কারের জন্য মনোনীত করেছে ইউজিসি।

ইউজিসি সূত্র জানায়, চিকিৎসা শাস্ত্রের বই ও জার্নাল প্রকাশের জন্য ইউরোপের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান `এলসিভিয়ার` থেকে ডা. আবদুল্লাহর লেখা `শর্ট কেসেস ইন ক্লিনিক্যাল মেডিসিন` বইয়ের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন।

ডা. এ বি এম আবদুল্লাহ যুক্তরাজ্য থেকে মেডিসিনের ওপর এমআরসিপি ও এফআরসিপি ডিগ্রি অর্জন করেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে এ পর্যন্ত তাঁর ৩০টির মতো গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত তাঁর পাঁচটি বই প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মৌলিক গবেষণা ও প্রকাশনায় উৎসাহ দিতে ১৯৮০ সাল থেকে এ অ্যাওয়ার্ড চালু করে ইউজিসি।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।