সালাহ উদ্দিনের খোঁজ পায়নি কেউ


প্রকাশিত: ০৭:২৪ এএম, ১৫ মার্চ ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে খুঁজে পাওয়া যায়নি মর্মে প্রতিবেদন দাখিল করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

রোববার দুপুর আড়াইটায় হাইকোর্টে প্রতিবেদনটি দাখিল করা হবে। এরপর এ বিষয়ে শুনানি হবে। প্রতিবেদনে সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উল্লেখ করেছে।

এর আগে সালাহ উদ্দিনকে খুঁজে বের করে রোববার হাইকোর্টে কেন হাজির করা হবে না, তা জানতে চেয়ে গত বৃহস্পতিবার রুল জারি করেন হাইকোর্ট।

সালাহ উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করে তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ।

১০ মার্চ সালাহ উদ্দিন আহমদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে আসছে তার পরিবার।

এদিকে বিএনপিও অভিযোগ করেছে, পুলিশ, ডিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিনকে উঠিয়ে নিয়ে গেছেন।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।