বঙ্গবন্ধুর জন্যই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র : ড. জাফর ইকবাল


প্রকাশিত: ১১:২৯ এএম, ১৭ মার্চ ২০১৫

১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমগ্র বাঙালি জাতিকে একত্রিত করেছিলেন বলেই বাংলাদেশ আজ একটি স্বাধীন রাষ্ট্র হয়েছে বলে মন্তব্য করেছেন দেশ বরেণ্য লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ মাঠে চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশন আয়োজিত শিশু মেধাবৃত্তি ও শিশুমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বাংলাদেশেকে নিয়ে কারো কোন দুশ্চিন্তা করার দরকার নেই উল্লেখ করে ড. জাফর ইকবাল বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার চার কোটি শিক্ষার্থী রয়েছে। তারা যদি সঠিকভাবে লেখাপড়া করে তাহলে বাংলাদেশকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

এসময় অনুষ্ঠানে উপস্থিত নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনি ও ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-ইতিহাস থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার আছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থ বিজ্ঞান বিভিগের অধ্যাপক ড. ইয়াসমিন হক, প্রখ্যাত চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার প্রমুখ।

এর আগে দুপুর ১২টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

উল্লেখ্য, চলতি বছর চিনাইর শিশু মেধাবৃত্তি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮৪১ জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে থেকে কৃতকার্য ১০৩ জনকে ট্যালেন্টপুলে এবং ২৫৬ জন শিশু শিক্ষার্থীকে সাধারণ গ্রেডে নগদ টাকা ও সনদপত্র প্রদান করা হয়।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।