শিক্ষার মান উন্নয়ন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে : রাষ্ট্রপতি


প্রকাশিত: ০২:৪০ পিএম, ১৯ মার্চ ২০১৫

রাষ্ট্রপতি আবদুল হামিদ উচ্চ শিক্ষার মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে শিক্ষার মান ও এর ধারাবাহিক উন্নয়ন বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির ১৪তম সমাবর্তনে ভাষণকালে বলেন, উচ্চ শিক্ষার সুযোগ ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে শিক্ষার মান ও এর ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করা এখন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে আসতে হবে।

রাষ্ট্রপতি বলেন, সরকার শিক্ষার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং শিক্ষার সম্প্রসারণ নিশ্চিত করতে ইতোমধ্যে জাতীয় শিক্ষানীতি-২০১০ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ প্রণয়ন করেছে। ঢাকার বাইরে সরকারি ও বেসরকারি খাতে বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেয়ার পর দেশব্যাপী উচ্চ শিক্ষার পরিসর সম্প্রসারিত হয়েছে।

আবদুল হামিদ বলেন, আমি একথা বলে আনন্দিত যে, দেশে এখন ১১৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। ২০১৫ সালে এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ৩০ লাখে উন্নীত হয়েছে। ৫ বছর আগে এই সংখ্যা ছিল মাত্র ৮০ হাজার।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে উচ্চ শিক্ষা ও গবেষণার পাশাপাশি শিক্ষা প্রদান, জ্ঞানচর্চা ও মুক্তচিন্তার সর্বোত্তম স্থান -যা জ্ঞান ও চিন্তার পরিধি বিকাশে সহায়তা করে।

তিনি আশাবাদ প্রকাশ করেন যে, বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞানচর্চা ও শিক্ষার বিশাল পরিসরের দরজা খোলা রাখবে।

ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নতুন গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি শিক্ষার্থীদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। এতে সাবেক প্রধান বিচারপতি তোফাজ্জেল আহমেদ, বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ড. মোহাম্মদ ফরাশউদ্দিন ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর আহমেদ শাফি অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।