স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনে সরকার বদ্ধ পরিকর : নাহিদ


প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৯ মার্চ ২০১৫

শিক্ষকদের পেশাগত ও সামাজিক মর্যাদা সুসংহত করার লক্ষ্যে তাদের জন্য উন্নতশীল বিশ্বের অনুরূপ স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনে বর্তমান সরকার বদ্ধ পরিকর বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত জাতীয় প্রতিনিধি সভা-২০১৫ এবং ‘শিক্ষার বৈপ্লবিক উন্নয়নে বর্তমান সরকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের গণমুখী ও যুগান্তকারী শিক্ষা ব্যবস্থার প্রতি শিক্ষক সমাজের অকুণ্ঠ সমর্থনেরই বহিঃপ্রকাশ এ উপস্থিতি।

এ সময় তিনি বর্তমান সরকারের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে অর্জিত সাফল্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপকভাবে প্রচারের জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান।

জাতীয় প্রতিনিধি সভায় দেশের ৫৪টি জেলা থেকে প্রায় এক হাজার শিক্ষক প্রতিনিধি অংশগ্রহণ করেন। বিপুল হর্ষধ্বনি ও করতালির মাধ্যমে প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীকে সভাপতি ও অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। স্বাধীনতা শিক্ষক পরিষদের আহবায়ক প্রফেসর ড. আব্দুর মান্নান চৌধুরী’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও প্রবন্ধ উপস্থাপন করেন- স্বাশিপের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক নেতা ও স্টিয়ারিং কমিটির সদস্য অধ্যক্ষ এম.এ আউয়াল সিদ্দিকী, শ্যামলী নাসরীন চৌধুরী, প্রফেসর মোঃ সাজিদুল ইসলাম প্রমুখ।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।