জিল্লুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন এই নেতা। ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনের মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি।
সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের জিএস ছিলেন। দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও ক্রান্তিলগ্নে তার ভূমিকা অবিস্মরণীয়।
কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর থেকে তিনি ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন।
দীর্ঘদিন ফুসফুসের সংক্রমণ ব্যাধিতে আক্রান্ত হয়ে ২০ মার্চ ২০১৩ সিঙ্গাপুরের মাউন্ট এরিজাবেথ হাসপাতালে মারা যান জিল্লুর রহমান।
জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির দায়িত নেন। তিনি নবম জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্সসহ এমএ ও এলএলবি ডিগ্রি লাভ করেন তিনি।
জিল্লুর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক। তিনি মুজিবনগর সরকার কর্তৃক পরিচালিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা এবং জয় বাংলা পত্রিকার প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৫ সালে তিনি বাকশালের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময় শেখ হাসিনার নেতৃত্বে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এআরএস/এমএস