স্বপ্নের পদ্মা সেতুর ট্রায়াল পাইলিং শুরু আজ
শুক্রবার শুরু হচ্ছে পদ্মা সেতুর ট্রায়াল পাইল স্থাপন। চীনে তৈরি ১০টি ট্রায়াল পাইল স্থাপন করা হবে। এ ছাড়া দুটি কনস্ট্রাকটিবিলিটি সার্ভিস পাইলও বসানো হবে পরীক্ষামূলকভাবে। পদ্মা সেতুর এ মহাকর্মযজ্ঞ ঘিরে অবিরাম কাজ চলছে। প্রায় ৭ হাজার বাংলাদেশি, ৫০০ চীনা এবং ১০০ কোরিয়ান নাগরিক এখানে কর্মরত রয়েছেন।
ট্রায়াল পাইল স্থাপনের জন্য ভারী যন্ত্রপাতির সমাবেশ ঘটানো হয়েছে মাওয়ায়। চলছে চূড়ান্ত পর্যবেক্ষণ। ক্রেনের মাধ্যমে বিশাল হ্যামার দিয়ে এ পাইল স্থাপনে মহড়া শুরু হয়ে গেছে। পাইল বসানোর এ কর্মযজ্ঞ চলছে মাওয়া চৌরাস্তা বরাবর পুরনো ফেরিঘাট সংলগ্ন দুই নম্বর পিলারের কাছে।
ট্রায়াল পাইল স্থাপন করে পরীক্ষা শেষেই ১৬টি অ্যাঙ্কর পাইল উঠিয়ে নেওয়া হবে। এরপরই শুরু হবে মূল পাইল স্থাপনের পালা। প্রকৌশলীরা জানান, শিডিউল অনুযায়ী মূল পাইল বসানোর কাজ শুরু হওয়ার কথা রয়েছে আগামী সেপ্টেম্বরে। সে লক্ষ্যে চলছে নানা প্রস্তুতি। মূল পাইলের হ্যামার জার্মানিতে তৈরি সম্পন্ন হয়েছে।
মে মাসের শেষে এ হ্যামার দেশে পৌঁছার কথা। এদিকে মাওয়ায় বিশাল ওয়ার্কশপ তৈরিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এ ওয়ার্কশপেই এপ্রিল থেকে তৈরি হবে মূল পাইল। পদ্মা সেতুর নির্মাণকাজে বিদ্যুৎ সরবরাহে সেতুর সার্ভিস এরিয়া দোগাছিতে ১০ মেগাওয়াটের ইলেট্রিক্যাল পাওয়ার সাব স্টেশন চালু করা হয়েছে। আরইবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রাশেদুজ্জামান ও পদ্মা সেতুর (মূল সেতু) নির্বাহী প্রকৌশলী মঙ্গলবার এর উদ্বোধন করেন।
এআরএস/এমএস