শাহজাহান খানের সমাবেশে হামলাকারী রেজাউল আটক
রাজধানীর গুলশানে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের সমাবেশে ককটেল হামলার প্রধান সন্দেহভাজন রেজাউল করিম ওরফে ফাহিমকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার রাত সোয়া ১টায় যাত্রাবাড়ির ডা. মাহাবুর রহমান মোল্লা কলেজের সামনে থেকে র্যাব-১০ সদস্যরা তাকে আটক করে। র্যাব-১০ এর পরিচালক (সিও) জামিল আহমদ বিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জাগোনিউজকে বলেন, রাতে র্যাব-১০ এর টহলদল দায়িত্ব পালন করছিল। এসময় সন্দেহবশত আটক করে তার ব্যাগ তল্লাশী করে ২০ ককটেল ও ২০ পেট্রলবোমা উদ্ধার করা হয়। এঘটনায় যাত্রাবাড়ি থানায় তাকে হস্তান্তর পূর্বক একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, রেজাউল গুলশানে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের সমাবেশে ককটেল হামলার প্রধান সন্দেহভাজন আসামী।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি সরকার সমর্থিত কয়েকটি শ্রমিক ও মুক্তিযোদ্ধা সংগঠন দুপুর সোয়া বারোটায় গুলশান-২ এর গোলচত্বরের সমাবেশ করে। সমাবেশ থেকে শাহজাহান খান চলে যাওয়ার ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ছয়জন গুরুতর আহত হয়।
জেইউ/এএইচ/পিআর