মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন চলছে, আগামীতেও চলবে
অভিজিত হত্যাকান্ডের প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে বক্তারা বলেছেন, অভিজিতদের হত্যাকান্ড শুধুমাত্র আমাদের চিন্তা-চেতনার উপর আঘাত নয়, আমাদের মুক্তিযুদ্ধের উপরও আঘাত। আমরা যে মুক্তবুদ্ধির কথা বলি তা আর থাকবেনা, আমরা যে স্বাধীন দেশের কথা বলি তা আর থাকবেনা যদি এভাবে অভিজিতরা খুন হতে থাকে। মৌলবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, আগামীতেও চলবে।
শুক্রবার সকাল ১০ টায় নাগরিক কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)আরসি মজুমদার মিলনায়তনে এ নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন , ঢাবির উপাচার্য ড. আ আ ম স আরেফীন, সাবেক ডেপুটি স্পীকার কর্ণেল শওকত আলী, বাংলাদেশ কম্যুনিষ্ট পার্টির সভাপতি মুজাহেদুল ইসলাম সেলিম, ন্যাপ সভাপতি পংকজ ভট্টাচার্য, সাংবাদিক আবেদ খান প্রমুখ।
অধ্যাপক আ আ ম স আরেফীন সিদ্দিক বলেন, শুধুমাত্র মুক্তচিন্তা দর্শনের কারনে অভিজিত হত্যাকান্ড ঘটেছে। এই আঘাত আমাদের মুক্তিযুদ্ধের উপর আঘাত। যারা এধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটায়, সে সব মৌলবাদী গোষ্ঠীগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের বিশ্ব নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। আমাদের অস্তিত্বের সংগ্রামে টিকে থাকার জন্যে ঐক্যবদ্ধ হতে হবে।
সাবেক ডেপুটি স্পীকার কর্ণেল শওকত আলী বলেন, যারা অভিজিতদের হত্যা করতে চায় তারা মোটেই সাহসী নয়। সেজন্যেই তারা চোরাগোপ্তা হামলা চালায়। এদের প্রতিহত করার জন্য শুধু সরকারের উপর নির্ভর করে বসে থাকলে হবেনা, এজন্য নাগরিকদের ঐক্যবদ্ধ হতে হবে।
অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় বলেন, আমরা বিধ্বস্ত, আমাদের পরিবার বিধ্বস্ত। অভিজিত ছিল বিজ্ঞানমনস্ক লেখক। তার দর্শন ছিল প্রথাবিরোধী। তার দেয়ার অনেক ছিল, কিন্তু মৌলবাদীরা তাকে বাঁচতে দিলনা। প্রায় মাসখানেক হতে চলেছে, এ ঘটনার আমরা কোন দৃশ্যমান ফল পেলাম না।
নাগরিক কমিটির আহবায়ক প্রফেসর আনিসুজ্জামান বলেন, আমরা যে মুক্তবুদ্ধির কথা বলি তা আর থাকবেনা, আমরা যে স্বাধীন দেশের কথা বলি তা আর থাকবেনা যদি এভাবে অভিজিতরা খুন হতে থাকে। মৌলবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, আগামীতেও চলবে।
বাংলাদেশ কম্যুনিষ্ট পার্টির সভাপতি মুজাহেদুল ইসলাম সেলিম বলেন, পুলিশের কাছে আমার কয়েকটি প্রশ্ন, তারা কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছিল? না করলে কেন? কাদের চক্রান্তে তারা সহায়তা করেছিল? তিনি বলেন, দানবের সাথে মানবের সংগ্রাম চলছে। মানবীয় অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নাগরিক সমাজকে সংঘবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।
প্রফেসর আনিসুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে দেশের সামাজিক- সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমাবেশের শুরুতে অভিজিতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনগুলো।
এসএইচএ/পিআর