চকবাজার থানা হেফাজতে আসামীর মৃত্যু


প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২০ মার্চ ২০১৫

রাজধানীর চকবাজার থানা হাজতে এক আসামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি আসামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এনিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল।

চকবাজার থানা পুলিশ জানায়, নিহত আসামীর নাম জাহাঙ্গীর আলম। শুক্রবার সন্ধ্যা পৌঁনে ৭টা থেকে ৭টার মধ্যে কোন এক সময় তিনি থানা হাজতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে ওই আসামীকে বিকেল সাড়ে ৫টার দিকে থানায় আনা হয়েছিল।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল হক জাগো নিউজকে বলেন, ডাকাতির একটি মামলায় জাহাঙ্গীর হোসেনকে গত তিন মাস আগে গ্রেফতার হয়।
 
ওই মামলায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলখানা থেকে জাহাঙ্গীর হোসেনকে থানায় নিয়ে আসা হয়। সন্ধ্যা পৌঁনে ৭টা থেকে ৭টার মধ্যে মাগরিবের নামাজের সময় থানার হাজতের টয়লেটের সানসেটের সঙ্গে গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেন জাহাঙ্গীর।

পুুলিশী রিমান্ডে জাহাঙ্গীর মারা যাওয়ার অভিযোগ অস্বীকার করে ওসি আজিজুল হক বলেন, ঢাকা জেলা কোর্টের ম্যাজিস্ট্রেট রেহানুল হকের উপস্থিতিতে জাহাঙ্গীরের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ। মিটফোর্ড হাসপাতালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

জেইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।