জলবায়ুর হাত থেকে রক্ষা পেতে বন রক্ষা প্রয়োজন : মঞ্জু


প্রকাশিত: ১০:৩০ এএম, ২১ মার্চ ২০১৫

পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, পৃথিবীর জলবায়ু যেভাবে উষ্ণ হচ্ছে তাতে দেশকে জলবায়ুর হাত থেকে রক্ষা করতে বনকে আগে রক্ষা করতে হবে। সরকার দেশের বন ও জীববৈচিত্র্য রক্ষায় বদ্ধ পরিকর এবং এজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করেছে। সনাতন বন ব্যবস্থাপনার পরিবর্তে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বন রক্ষা ও বনায়নে সম্পৃক্ত করছে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সহযোগিতায় বন ভবনের হৈমন্তী মিলনায়তনে আন্তজার্তিক বন দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক সম্প্রদায় বন রক্ষা এবং ব্যবস্থাপনায় ব্যাপক গুরুত্ব প্রদান করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জাতিসংঘ ঘোষিত সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল-এ ৯ নম্বর লক্ষ্য নির্ধারিত হয়েছে বন, সমুদ্র, পানি এবং প্রাকৃতিক সম্পদকে ঘিরে। এ প্রত্যেকটির সাথে রয়েছে বনের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক ধারণা দেওয়া। এ লক্ষে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নিরসন করতে সবচেয়ে কার্যকরী এবং জনপ্রিয় কার্যক্রম হচ্ছে বৃক্ষচারা রোপণ আর তা সংরক্ষণ করা।

প্রধান বন সংরক্ষক ইউনুছ আলী জানান, ১৮৬৫ সালে সুন্দরবনকে সংরক্ষিত বনভমি ঘোষনা করারও অনেক পূর্ব হতে বিভিন্ন পাহাড়ি অঞ্চলকে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়। পরবর্তীতে ধীরে ধীরে মানুষ বনের উপর নির্ভরশীল হয়েছে। ফলে বন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরো জানান, বনকে তখন রাজস্ব আহরণের উপায় হিসেবে মনে করা হত। আশির দশক থেকে বন অধিদপ্তর সামাজিক বনায়ন শুরু করে। এখন বনের উপর নির্ভরশীল মানুষদের সম্পৃক্ত করে সহ-ব্যবস্থাপনার মাধমে বন রক্ষা করা হচ্ছে।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড.কামাল উদ্দিন আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাবেক সচিব ও পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড.মিহির কান্তি মজুমদার, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক ইউনুছ আলী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড.নিয়াজ আহমেদ খান। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন অধিদফতরের উপ-প্রধান বন সংরক্ষক, সামাজিক বন উইং, আকবর হোসেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।