বিএনপির পক্ষে ঢাকা দক্ষিণে লড়তে চান রিপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২১ মার্চ ২০১৫

বিএনপি সমর্থিত ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়া ও দলের সমর্থন পেলে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণের মেয়র পদে প্রার্থী হতে মানসিকভাবে প্রস্তুত আছেন বলে জানিছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

শনিবার রাতে তিনি জাগো নিউজকে তার নির্বাচনী এই প্রস্তুতির কথা জানান। তিনি জানান, দল যদি তাকে প্রার্থী করার বিষয়ে সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে প্রার্থী হতে তার কোন আপত্তি নেই।

এর আগে শুক্রবার রাতে বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম দল থেকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এর ২৪ ঘণ্টার ব্যবধানে একই এলাকা থেকে ড. আসাদুজ্জামান রিপন প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করলেন।

এদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আনুষ্ঠানিকভাবে নির্বাচনে যাওয়া না যাওয়া কিংবা প্রার্থীর নাম ঘোষণার বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা না জানালেও সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দলীয় সমর্থন পাওয়ার জন্য তোড়জোর চালানো শুরু করেছেন।

চলমান হরতাল-অবরোধে ধরপাকড়ের ভয়ে আত্মগোপনে থাকা বিএনপির অনেক নেতা নির্বাচনে প্রার্থী হতে মোবাইল, স্কাইপে, ভাইবার ইত্যাদির মাধ্যমে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলেও জানিয়েছে একটি সূত্র।

তবে চুড়ান্তভাবে বিএনপি সিটি নির্বাচনে অংশ নিলে কাকে মেয়র হিসেবে দলীয় মনোনয়ন দেয়া হয় তা দেখার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে।

এমএম/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।