ফারাবীকে কারাগারে প্রেরণ


প্রকাশিত: ১২:২০ পিএম, ২৫ মার্চ ২০১৫

ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেফতার শাফিউর রহমান ফারাবীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। এর আগে, ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্ত শুক্রবার দুপুরে তাকে চার দিনের রিমান্ড আদেশ দেন।

১৪ মার্চ ফারাবীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। আইসিটি আইনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে ওই দিন মামলাটি দায়ের করেন।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ১৪ মার্চ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৩ মার্চ ফারাবীকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম ওই রিমান্ড মঞ্জুর করেন। ফারাবীকে আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য ডিবি পুলিশের এসআই সুব্রত গোলদার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

২ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে ফারাবীকে আটক করে র‌্যাব।

২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বইমেলা থেকে ফেরার পথে টিএসসির সামনে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বিজ্ঞান লেখক অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাত ১০টা ২০ মিনিটে অভিজিৎ রায় মারা যান। গুরুতর আহত বন্যাকে পরে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।

পুলিশ ঘটনাস্থলের পাশ থেকে রক্তমাখা দুটি চাপাতি ও একটি স্কুলব্যাগ উদ্ধার করে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় পরের দিন শাহবাগ থানায় মামলা করেন অভিজিতের বাবা শিক্ষাবিদ ড. অজয় রায়।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।