তিন সিটিতে আর্থিক অনুদান না দিতে চিঠি দেবে ইসি
নির্বাচনপূর্ব সময়ে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সরকারিভাবে উন্নয়ন বরাদ্দ বা আর্থিক অনুদান ছাড় না দিতে শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের যুগ্মসচিব জেসমিন টুলী সাংবাদিকদের জানান, ‘নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচন চলাকালে ভিজিডি ও ভিজিএফ কার্ড বিতরণসহ সব ধরনের উন্নয়ন বরাদ্দ ও আর্থিক অনুদান ছাড় করা যাবে না। কারণ সরকারিভাবে এসব বিতরণ করা হলে তা নির্বাচনকে প্রভাবিত করা হবে।’
কমিশনের কর্মকর্তারা বলেন, নির্বাচনপূর্ব সময়ে সরকারিভাবে উন্নয়ন বরাদ্দ বা আর্থিক অনুদান ছাড় না করতে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য খাদ্য মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়কে শিগগির চিঠি দেয়া হবে।
নির্বাচনী আচরণবিধিতে সিটি কর্পোরেশন এলাকায়ও উন্নয়নমূলক প্রকল্প অনুমোদন ও অর্থছাড়ের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচনপূর্ব সময়ে সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলর বা অন্য কোনো পদাধিকারী সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এলাকায় উন্নয়নমূলক কোন প্রকল্প অনুমোদন বা ইতোপূর্বে অনুমোদিত কোন প্রকল্পে অর্থ ছাড় বা প্রদান করতে পারবেন না।
আরএস/পিআর