প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ


প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৫ মার্চ ২০১৫

জাতির শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীদের টানা ১০ দিনের অক্লান্ত পরিশ্রমে নতুন রূপ ধারণ করেছে সৌধ প্রাঙ্গণ। নানা রঙ্গের বাহারী ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। চত্বরের সিড়ি ও নানা স্থাপনায় পড়েছে রং-তুলির আচড়।

বৃহস্পতিবার ২৬ মার্চ, জাতির গৌরব আর অহংকারের এ দিনটিতে সৌধ প্রাঙ্গণে ঢল নামবে লাখো মানুষের। তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে যাবে শহীদ বেদি।

জাতীয় স্মৃতিসৌধের ভারপ্রাপ্ত কর্মকর্তা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।
এদিকে, এই দিনটির প্রথম প্রহরেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ বেদিতে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তাই সেনাবাহিনীর পক্ষ থেকে যাবতীয় গার্ড অব অনারের মহড়া শেষ করা হয়েছে।

এছাড়া অন্যান্য বছরের তুলনায় এবার প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সৌধ এলাকায় নিরাপত্তা চৌকি, পর্যবেক্ষণ টাওয়ারসহ বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকা জুড়ে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

এছাড়া সাদা পোশাকে পুলিশের নজরদারী বাড়নোসহ নিরাপত্তার স্বার্থে সৌধ প্রাঙ্গনের বিভিন্ন পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।